বরিশালে এসির ভেতর মিলল চার কালনাগিনী

Home Page » প্রথমপাতা » বরিশালে এসির ভেতর মিলল চার কালনাগিনী
রবিবার ● ২৮ জুন ২০২৬


বরিশালে এসির ভেতর মিলল চার কালনাগিনী

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মজিবুল হক সেন্টুর বাড়ির শোবার ঘরের এসির ভেতর থেকে চারটি কালনাগিনী সাপের সন্ধান পাওয়া গেছে। দীর্ঘ অভিযান চালিয়ে তিনটি সাপ উদ্ধার করা হলেও একটি পালিয়ে যায়।

শনিবার বিকেলে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী-এর সদস্যরা প্রায় আড়াই ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করেন।

বাড়ির মালিক মজিবুল হক সেন্টু জানান, শুক্রবার রাতে শোবার ঘরের এসির নিচের অংশে একটি সাপের লেজ দেখতে পান তিনি। পরে পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে কক্ষটি বন্ধ করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। সেখান থেকে পরামর্শ পেয়ে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা হয়।

উদ্ধারকারী দলের পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, বিকেল ৩টার দিকে শুরু হওয়া অভিযানে এসির ইনডোর ইউনিটের ভেতর থেকে তিনটি কালনাগিনী উদ্ধার করা হয়। তবে আউটডোর ইউনিটে অবস্থান করা আরেকটি সাপ ধরার আগেই পালিয়ে যায়। উদ্ধার হওয়া প্রতিটি সাপের দৈর্ঘ্য ছিল আনুমানিক আড়াই থেকে তিন ফুট।

তার ধারণা, বাড়ির সামনে ও পেছনের ঘন ঝোপঝাড় থেকে এসির পাইপ বা দেয়ালের ফাঁক গলে সাপগুলো ঘরের ভেতরে প্রবেশ করে এসির মধ্যে আশ্রয় নিয়েছিল। উদ্ধার হওয়া সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে চলতি মাসেই বরিশাল নগরীর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ডিআইজির কক্ষ থেকে চারটি এবং সাগরদী এলাকার একটি বেসরকারি ক্লিনিক থেকে একটি কালনাগিনী উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের তথ্য অনুযায়ী, সর্বশেষ ঘটনাসহ চলতি মাসে বরিশাল অঞ্চলে মোট ১০টি কালনাগিনী উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪৬:০৪ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ