খামেনির জানাজায় জনতার কান্না দেখে বিস্মিত ট্রাম্প, দিলেন নতুন হুঁশিয়ারি

Home Page » প্রথমপাতা » খামেনির জানাজায় জনতার কান্না দেখে বিস্মিত ট্রাম্প, দিলেন নতুন হুঁশিয়ারি
রবিবার ● ৫ জুলাই ২০২৬


খামেনির জানাজায় জনতার কান্না দেখে বিস্মিত ট্রাম্প

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় লাখো মানুষের আবেগঘন উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তার ধারণা ছিল ইরানের জনগণ খামেনিকে ঘৃণা করত। এরপর ব্যঙ্গাত্মক সুরে তিনি বলেন, “হয়তো এগুলো নকল কান্না।”

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্বের প্রতিও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি দাবি করেন, চাইলে যুক্তরাষ্ট্র এক হামলাতেই ইরানের বাকি শীর্ষ নেতৃত্বকে হত্যা করতে সক্ষম। তবে আলোচনার সম্ভাবনা নষ্ট না করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, “ওরা সবাই এক জায়গায় রয়েছে। একটি গুলিতেই আমরা সবাইকে শেষ করে দিতে পারি। কিন্তু আমরা তা করছি না, কারণ তাহলে আলোচনার জন্য আর কাউকে পাওয়া যাবে না। তারা এখন চুক্তি করতে মরিয়া।”

তিনি আরও দাবি করেন, খামেনির রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষ এক সপ্তাহের জন্য সামরিক পদক্ষেপ এবং আলোচনা স্থগিত রাখতে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালাবে না বলেও তিনি উল্লেখ করেন।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইসলামী শরিয়াহ অনুযায়ী মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই দাফন সম্পন্ন করার বিধান থাকলেও যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে খামেনির দাফন বিলম্বিত করা হয়েছে।

রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ জুলাই থেকে ইরানে তার জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কর্মসূচির ধারাবাহিকতায় ৭ জুলাই কোম শহরে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে দাফন করার পরিকল্পনা রয়েছে।

খামেনির শেষ বিদায়ে অংশ নিতে ইতোমধ্যেই ইরানের বিভিন্ন শহর থেকে লাখো মানুষ তেহরানে জড়ো হয়েছেন। এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৩৫:২১ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ