ইউএন পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

Home Page » জাতীয় » ইউএন পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
রবিবার ● ৫ জুলাই ২০২৬


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (ইউএন-কপস-৫)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধি দলে রয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশনে অংশ নেবেন। এসব অধিবেশনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, শান্তিরক্ষা কার্যক্রমে উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার—এসব বিষয়ে আলোচনা হবে। এছাড়া সম্মেলনের সাইডলাইনে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনসবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্সবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লো-এর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের সূচি রয়েছে।

এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৫ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। সফর শেষে আগামী ১২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪৪:৫১ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ