বিশ্বকাপের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের রেফারি

Home Page » খেলা » বিশ্বকাপের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের রেফারি
বুধবার ● ৮ জুলাই ২০২৬


আর্জেন্টিনা মিশরের মধ্যকার খেলা

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিতর্কিত ভিএআর সিদ্ধান্ত নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন কাতার বিশ্বকাপের অভিজ্ঞ মেক্সিকান রেফারি ফের্নান্দো গেরেরো। তার দাবি, ভিএআর প্রটোকলের ভুল প্রয়োগের কারণেই মিসরের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে, যা ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।

ম্যাচের শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মিসর। ফরোয়ার্ড জিকোর দুর্দান্ত একটি গোল ভিএআরের সহায়তায় বাতিল করে দেন ম্যাচ রেফারি। সেই সিদ্ধান্তের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন মিসরের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকরা। বিষয়টি নিয়ে বিশ্ব ফুটবল অঙ্গনেও শুরু হয় ব্যাপক বিতর্ক।

এবার সেই বিতর্কে মত দিয়েছেন বিশ্বকাপের অভিজ্ঞ রেফারি ফের্নান্দো গেরেরো। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, গোল বাতিলের সিদ্ধান্ত ছিল স্পষ্ট ভুল এবং এতে ভিএআর প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

গেরেরোর মতে, আর্জেন্টিনার খেলোয়াড়ের ওপর কোনো ফাউলই হয়নি। এমনকি ঘটনাটিকে ফাউল হিসেবে বিবেচনা করা হলেও, সেটিকে ভিএআরের মাধ্যমে পুনর্বিবেচনার সুযোগ ছিল না। কারণ, ফিফার ‘অ্যাটাকিং পজিশন ফেজ’ (Attacking Possession Phase)–সংক্রান্ত নীতিমালা অনুযায়ী আক্রমণের ধারাবাহিকতা তখন ভেঙে গিয়েছিল এবং আর্জেন্টিনার রক্ষণভাগ নিজেদের অবস্থান পুনর্গঠনের যথেষ্ট সময় পেয়েছিল।

তিনি আরও বলেন, গোল হওয়ার আগে আর্জেন্টিনা অন্তত তিনবার বলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ পেয়েছিল। ফলে সেই মুহূর্তে আগের কোনো ঘটনাকে ভিত্তি করে ভিএআরের হস্তক্ষেপ করা নিয়মসঙ্গত ছিল না। তার ভাষায়, এই সিদ্ধান্ত সরাসরি মিসরের ক্ষতির কারণ হয়েছে এবং টুর্নামেন্ট থেকে তাদের বিদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ফের্নান্দো গেরেরো আন্তর্জাতিক ফুটবলের একজন অভিজ্ঞ ম্যাচ কর্মকর্তা। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালে তিনি রেফারিং প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ওই আসরে সাপোর্ট ভিএআর ও অ্যাসিস্ট্যান্ট ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে মোট ১১টি ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করা এমন একজন অভিজ্ঞ রেফারির প্রকাশ্য সমালোচনার পর বিশ্বকাপের রেফারিংয়ের মান ও ভিএআর ব্যবহারের স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফুটবল বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বিতর্কিত এই সিদ্ধান্ত ভবিষ্যতে ফিফাকে ভিএআর ব্যবস্থাপনা ও প্রটোকল প্রয়োগের বিষয়টি আরও কঠোরভাবে পর্যালোচনা করতে বাধ্য করতে পারে।

বাংলাদেশ সময়: ৯:৩৭:০৩ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ