
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একটি অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে চট্টগ্রাম রেলস্টেশনে শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।
বুধবার ভোরে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে ডুবে রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই পথে ট্রেন চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম পর্যন্ত পৌঁছালেও রেললাইন পানিতে ডুবে থাকায় কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখতে পারেনি। পরে ট্রেনটি পুনরায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
একইভাবে বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটিও চট্টগ্রাম স্টেশনে আটকে রয়েছে। রেললাইন থেকে পানি সরে না যাওয়া পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ পরিস্থিতিতে যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরে যেতে চান, তাদের জন্য বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফেরার ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি রেললাইন থেকে পানি নেমে গেলে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাসও দেওয়া হয়েছে।