ইরানের ৮০ অঞ্চলে মার্কিন অভিযান, ফিরলো তেল রপ্তানি নিষেধাজ্ঞা

Home Page » প্রথমপাতা » ইরানের ৮০ অঞ্চলে মার্কিন অভিযান, ফিরলো তেল রপ্তানি নিষেধাজ্ঞা
বুধবার ● ৮ জুলাই ২০২৬


ইরানের ৮০ অঞ্চলে মার্কিন অভিযান, ফিরলো তেল রপ্তানি নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় পাল্টা পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের বিরুদ্ধে এবার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি সামরিক অভিযান চালিয়েছে ওয়াশিংটন। ইরানের ৮০টি অঞ্চলে ব্যাপক হামলা চালানোর পাশাপাশি দেশটির তেল রপ্তানির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন।

বুধবার (৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা এ প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজের ওপর ইরানের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর পরিণতি তাদেরকে কঠোরভাবে ভোগ করতে হবে। অবশ্য নাম প্রকাশ না করার শর্তে আরেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইঙ্গিত পাওয়া গেছে ইরানের দিক থেকেই।

ব্রিটিশ নৌবাহিনীর সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় তিনটি তেল ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পরই যুক্তরাষ্ট্র তাদের পাল্টা পদক্ষেপ নেয। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তেহরানের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

যুক্তরাষ্ট্রের এই নতুন ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়ে গেছে। উল্লেখ্য, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে মার্কিন অর্থ বিভাগ গত মাসে ইরানের তেল রপ্তানির অনুমোদন দিয়েছিল, যার মেয়াদ ছিল ২১ আগস্ট পর্যন্ত। কিন্তু মঙ্গলবার সেই অনুমোদন প্রত্যাহার করে নেওয়ায় সময়সীমা কমে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এই সামরিক অভিযান এবং নতুন নিষেধাজ্ঞার ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক বোঝাপড়া এখন চরমভাবে নড়বড়ে হয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, এর পরিণতিতে আরও প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হলে তা দুই দেশের মধ্যকার বৃহত্তর চুক্তির আলোচনাকে ব্যাপকভাবে ব্যাহত করতে পারে। তবে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, সর্বশেষ এই উত্তেজনা সত্ত্বেও আলোচকরা ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ। যুদ্ধের আগে প্রতিদিন বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ চালান এই পথ দিয়ে যাতায়াত করত।

অন্যদিকে, তেল রপ্তানি ইরানের অর্থনীতির জীবনরেখা। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দুর্বল হয়ে পড়া অর্থনীতি ধরে রাখতে এই খাত থেকে শত শত কোটি ডলার আয়ের ওপর নির্ভর করে তেহরান। বিধিনিষেধ থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে তেহরান প্রধানত চীনে তেল রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে, যা দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই পথেই এবার বড়সড় বাধা হিসেবে দেখা দিলো যুক্তরাষ্ট্রের নতুন এই নিষেধাজ্ঞা।

বাংলাদেশ সময়: ১০:০৪:৫১ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ