চার নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Home Page » অর্থ ও বানিজ্য » চার নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
সোমবার ● ১০ আগস্ট ২০২৬


প্রতীকী ছবি-লোগো বাংলাদেশ ব্যাংক বঙ্গনিউজ: আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং আমানতকারীদের আমানত সুরক্ষায় বড় পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। চরম সংকটকবলিত চার নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করে সেগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ৯ আগস্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ বাস্তবায়ন করা হয়।

প্রশাসক বসানো প্রতিষ্ঠানগুলো হলো আভিভা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। বাংলাদেশ ব্যাংকের অভিজ্ঞ কর্মকর্তারা এসব প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রক্রিয়া পরিচালনা করবেন।

বড় অঙ্কের মূলধন ঘাটতি, তারল্য সংকট এবং আমানতকারীদের পাওনা পরিশোধে ব্যর্থতার কারণে রেজল্যুশন কাঠামোর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আয়ক্ষমতা হারানো ও ঋণ পুনরুদ্ধারে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানগুলোর বিষয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

পরিসংখ্যান অনুযায়ী, এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার ৯৯ দশমিক ৯৯ শতাংশ। পাশাপাশি ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৯৯ দশমিক ৪৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সে ৯৮ দশমিক ৫০ শতাংশ এবং আভিভা ফাইন্যান্সে ৯৩ দশমিক ৯৩ শতাংশ ঋণ খেলাপি হয়ে পড়েছে।

এর আগে পিপলস লিজিং, বিআইএফসি, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্সসহ মোট নয়টি আর্থিক প্রতিষ্ঠানকে অপরিচালনযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়। এসব প্রতিষ্ঠানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার ৩৭০ কোটি টাকা আটকে আছে।

বর্তমানে দেশে পরিচালিত ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২০টি প্রতিষ্ঠানই গুরুতর সমস্যায় জর্জরিত। এই ২০টি প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের মধ্যে ২১ হাজার ৪৬২ কোটি টাকাই খেলাপি, যা মোট ঋণের ৮৩ দশমিক ১৬ শতাংশ।

বাংলাদেশ সময়: ৬:৩০:৩৯ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ