দেশের চার অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে

Home Page » জাতীয় » দেশের চার অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে
সোমবার ● ১০ আগস্ট ২০২৬


প্রতীকী ছবি-দেশের চার অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে  বঙ্গনিউজ: দেশের চার অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এবং নিম্নাঞ্চলে এর ফলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে।

১০ আগস্ট সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই বার্তা দেওয়া হয়েছে। একই সময়ে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

২৪ ঘণ্টায় রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় বাতাসের গতিবেগ ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার এবং সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

বাংলাদেশ সময়: ২০:৪২:৫৯ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ