আজ কবি ও প্রাবন্ধিক এস ডি সুব্রতের জন্মদিন

Home Page » Wishing » আজ কবি ও প্রাবন্ধিক এস ডি সুব্রতের জন্মদিন
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬


এসডি সুব্রতআজ ৩১ অক্টোবর কবি ও প্রাবন্ধিক এস ডি সুব্রতের জন্মদিন। ১৯৭৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার মাধ্যমে বাংলা সাহিত্যে অবদান রেখে চলেছেন তিনি।

এস ডি সুব্রতের লেখালেখির হাতেখড়ি শিক্ষাজীবনে। জীবনের ১৮ বছর চাঁদপুরে অবস্থানকালে সেখানকার কবি ও লেখকদের সংস্পর্শে এসে সাহিত্যের প্রতি গভীর অনুরাগ তৈরি হয় তাঁর। সেই অনুরাগ থেকেই শুরু হয় লেখালেখির পথচলা। কবিতা তাঁর লেখালেখির প্রধান ক্ষেত্র হলেও প্রবন্ধ, কলাম, গল্প, উপন্যাস, ছড়া, ইংরেজি কবিতা ও গানসহ সাহিত্যের বিভিন্ন শাখায় রয়েছে তাঁর বিচরণ। আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখছেন তিনি। পাশাপাশি সম্পাদনা করছেন ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন ‘দাড়াইন’।

এস ডি সুব্রতের প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো—‘ফেলছ কি চোখের জল’ (২০১৬), ‘হাওরবাসীর কান্না’ (২০১৭), ‘কেন মেঘ জমে’ (২০১৯), ‘শিরোনামহীন’ (২০২০), ‘অবশেষে কথা রাখোনি’ (২০২০), ‘Nomadic Life’ (২০২০), ‘বৃষ্টির নূপুর’ (২০২১), ‘অজান্তিকা’ (২০২১), ‘বাংলা ভাষা ও সাহিত্য’ (২০২১), ‘বাংলাদেশ আমার বাড়ি: শেখ মুজিবুর রহমান’ (২০২২), ‘দুঃখময় জানালা’ (২০২২), ‘Obstinate Pauper’ (২০২২), ‘ভাষা আন্দোলন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও অন্যান্য’ (২০২৩), ‘বঙ্গবন্ধু তাঁর পরিবার ও অন্যান্য’ (২০২৪), ‘মহামারী যুদ্ধ অতঃপর’ (২০২৪), ‘জীবনের সংলাপ’ (২০২৫), ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর অসাম্প্রদায়িক চেতনা ও অন্যান্য’ (২০২৫) এবং ‘রবীন্দ্রনাথ ঠাকুর: তাঁর শিক্ষাভাবনা ও অন্যান্য’ (২০২৬)।

সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে বাংলা সাহিত্য পরিষদ ইউকে সম্মাননা-২০২২, ইউএস বাংলা সাহিত্য পরিষদ সম্মাননা-২০২৩, জাতীয় কবিতা মঞ্চ পুস্তক সম্মাননা-২০২৪, সিইউকেপি/কুমিল্লা কবি পরিষদ সাহিত্য সম্মাননা ও অর্থ পুরস্কার-২০২৪ এবং প্রবন্ধে অবদানের জন্য ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড-২০২৬।

কবি ও প্রাবন্ধিক এস ডি সুব্রত সুনামগঞ্জের শাল্লা উপজেলার সরসপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা রাধারমন দাস এবং মাতা প্রিয় মায়া দাস। তাঁর স্ত্রীর নাম অনিতা দাস।

জন্মদিনে কবি ও প্রাবন্ধিক এস ডি সুব্রতের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর সাহিত্যচর্চা আরও সমৃদ্ধ হোক, নতুন নতুন সৃষ্টির মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে তাঁর অবদান বিস্তৃত হোক—এমন প্রত্যাশা সাহিত্যপ্রেমীদের।

বাংলাদেশ সময়: ২০:৪৫:১৭ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ