বঙ্গনিউজ: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু ৫০০ ছাড়িয়ে ৫০২ জনে পৌঁছেছে। সবশেষ ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও তিনজনের প্রাণহানির পাশাপাশি নতুন করে ১ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মারা যাওয়া ৫০২ জনের মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ২৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা বিভাগে ৮৭, চট্টগ্রাম বিভাগে ৪৯, ময়মনসিংহ বিভাগে ৪০, বরিশাল বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ৩১, রংপুর বিভাগে ৮ এবং সিলেট বিভাগে ৪ জন প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন খুলনা বিভাগে মারা গেছেন। এই এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৮ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৬৭৩ জনই ঢাকা বিভাগের।
একই সময়ে চট্টগ্রাম বিভাগে ২৫১, খুলনা বিভাগে ২০১, বরিশাল বিভাগে ১৮৪ এবং রাজশাহী বিভাগে ১৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি রংপুর বিভাগে ৭১, ময়মনসিংহ বিভাগে ৬১ এবং সিলেট বিভাগে ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।