বঙ্গনিউজ: তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকদের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ার পর নতুন দিনক্ষণ এখনো ঘোষণা না হওয়ায় দ্রুত পরবর্তী তারিখ নির্ধারণের তাগিদ দিয়েছে মালিকপক্ষ। আজ এ খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ-এর এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
শ্রম মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে সোমবারের নির্ধারিত সভাটি স্থগিত করা হয়। যৌথ বিবৃতিতে মালিকপক্ষ উল্লেখ করেছে, গণমাধ্যম সূত্রে তারা জেনেছে যে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের বৈঠকটি স্থগিত হয়েছে।
বিবৃতিতে বিজিএমইএ ও বিকেএমইএ বলেছে, ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল এবং অংশগ্রহণ ও প্রস্তাবনা পেশের জন্য তারা প্রস্তুত ছিল। আগামী ১ ডিসেম্বর, ২০২৬ থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকর করার তারিখ নির্ধারিত থাকায় প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করে মজুরি ঘোষণা হলে মালিকপক্ষ বাড়তি অর্থ প্রদানের প্রস্তুতি নেওয়ার সময় পাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে তৈরি পোশাকশ্রমিকেরা আন্দোলন করে আসছেন। শ্রমিক আন্দোলনের মুখে চলতি ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এর আগে গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।