রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি সম্পন্ন

Home Page » জাতীয় » রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি সম্পন্ন
বুধবার ● ১৩ মে ২০২৬


রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হয়েছে। পরীক্ষার পরপরই জরুরিভিত্তিতে এনজিওপ্লাস্টি করা হয় এবং হৃদযন্ত্রের ধমনিতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানা গেছে।
যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ দুপুরে ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টেফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষায় হৃদযন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রাষ্ট্রপতি ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করান। এরপর থেকে হৃদরোগ-সংক্রান্ত জটিলতার ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবে তিনি নিয়মিত ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে আসছেন।
এবারও সেই ধারাবাহিকতায় গত ৯ মে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে।

রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটি বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম।

বাংলাদেশ সময়: ১১:০২:০১ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ