
উপসাগরীয় দেশগুলোর নেতাদের অনুরোধে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প। তবে গ্রহণযোগ্য চুক্তি না হলে যেকোনো মুহূর্তে পূর্ণাঙ্গ হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তাঁকে আশ্বস্ত করা হয়েছে যে, এমন একটি চুক্তি হতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের কাছে ‘খুবই গ্রহণযোগ্য’ হবে।
ট্রাম্প তাঁর পোস্টে স্পষ্ট করে দিয়েছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না — এটি যুক্তরাষ্ট্রের অপরিবর্তনীয় অবস্থান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো গ্রহণযোগ্য চুক্তি না হলে মার্কিন সামরিক বাহিনী যেকোনো মুহূর্তে ইরানের ওপর বড় ধরনের হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত।
ট্রাম্পের এই সর্বশেষ বিবৃতির বিষয়ে ইরান এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করেছিল। এরপর আলোচনার পথ সুগম করতে এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটলেও মূলত সেই যুদ্ধবিরতি এখনো বজায় রয়েছে।
তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনার গতি থমকে যাওয়ায় গত সপ্তাহান্তে ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছিলেন, ‘সময় ফুরিয়ে আসছে।’
উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক তৎপরতায় হামলা সাময়িকভাবে থামলেও পরিস্থিতি এখনো যেকোনো মুহূর্তে উল্টে যেতে পারে — মধ্যপ্রাচ্যজুড়ে এই উদ্বেগই এখন সবচেয়ে বড়।