
জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী সংসদ সদস্যদের নিজেদের দক্ষ ও তথ্যসমৃদ্ধ করে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী নারী এমপিদের বলেছেন, একজন সংসদ সদস্য হিসেবে দক্ষ হতে হলে তথ্যসমৃদ্ধ হওয়ার পাশাপাশি জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
এ ছাড়া ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। নারী এমপিদের নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “১৭ বছর জনগণ এক ধরনের মানসিক যন্ত্রণায় ছিল। মানুষ কথা বলতে পারেনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষ সব ধরনের গণতান্ত্রিক অধিকার ভোগ করছেন।”
বৈঠকে সংরক্ষিত আসনের ৩৬ জন নারী সংসদ সদস্যের মধ্যে ১৭ জন বক্তব্য রাখেন। জাতীয় সংসদে সদস্যদের কর্মপদ্ধতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে নারী সংসদ সদস্যরা তাদের অভিমত তুলে ধরেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।