বঙ্গনিউজ: স্বাধীনতার পর থেকে দীর্ঘদিনের অস্ত্র আমদানির নির্ভরতা কাটিয়ে এবার অন্যতম বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার পথে হাঁটছে ভারত। আগামী ২৫ থেকে ৩০ বছরের মধ্যে দেশটি এই ঐতিহাসিক মাইলফলক অর্জন করবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার শিরডিতে একটি গোলাবারুদ উৎপাদন কারখানার উদ্বোধন শেষে তিনি এই রূপান্তরের কথা জানান।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারতকে একসময় শুধু অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে দেখা হতো। কিন্তু আগামী ২৫-৩০ বছরে এটিকে সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হওয়া থেকে কোনও শক্তিই আটকাতে পারবে না।’ তিনি উল্লেখ করেন, যে দেশ নিজের অস্ত্র নিজে তৈরি করতে পারে, সেই দেশই নিজের ভবিষ্যৎ নিজে লিখতে পারে।
স্বাধীনতার আগে থেকেই ভারতে প্রতিরক্ষা শিল্পের শিকড় থাকলেও পরবর্তী সময়ে পুরোনো সক্ষমতা ও আধুনিক চাহিদার মধ্যে ভারসাম্য তৈরি হয়নি। দীর্ঘ সময় বেসরকারি খাতকে সুযোগ না দিয়ে প্রতিরক্ষা উৎপাদন মূলত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখাই ছিল এর মূল কারণ। তবে বর্তমানে সেই দৃশ্যপট বদলাচ্ছে এবং বেসরকারি খাতের ভূমিকা ২৫ থেকে ৩০ শতাংশে পৌঁছেছে। সরকার ভবিষ্যতে এটিকে ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
বেসরকারি খাত এখন শুধু সাধারণ যন্ত্রপাতি নয়, বরং অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থাও তৈরি করছে। সরকারের দৃষ্টিভঙ্গি ও বেসরকারি খাতের উদ্ভাবন একসঙ্গে কাজ করলে দেশ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী রাজনাথ সিং। এ ছাড়া দেশীয় উৎপাদন বাড়াতে ৫ হাজার পণ্যের একটি তালিকা তৈরি করা হয়েছে, যা সশস্ত্র বাহিনীকে বাধ্যতামূলকভাবে ভারত থেকেই কিনতে হবে।