ইসলামী ব্যাংকের পর্ষদ সভা স্থগিত, চেয়ারম্যানের পদত্যাগ

Home Page » অর্থ ও বানিজ্য » ইসলামী ব্যাংকের পর্ষদ সভা স্থগিত, চেয়ারম্যানের পদত্যাগ
রবিবার ● ২৪ মে ২০২৬


ড. এম জুবায়দুর রহমান  বঙ্গনিউজ: ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে এবং একই সঙ্গে ব্যাংকটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন। রবিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। গ্রাহকদের চলমান আন্দোলনের মুখে ব্যাংক কর্তৃপক্ষ পর্ষদ সভা স্থগিত করতে বাধ্য হয় বলে জানা গেছে।

সদ্য পদত্যাগী চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে তার কর্মজীবন শুরু করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে পিএইচডি ডিগ্রি লাভের পর স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কসহ বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস-এর প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শীর্ষ পর্যায়ের এই রদবদলের মধ্যে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগের বিষয়েও গুঞ্জন ওঠে। তবে ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকা ওমর ফারুক খান এই তথ্য অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে জানান যে, তিনি এখনো পদত্যাগ করেননি। ব্যাংকটির শীর্ষ নেতৃত্বে এমন অস্থিরতা ও রদবদল নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছিল। সে সময় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলেও পরবর্তীতে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হলে গত বছরের ১৭ জুলাই তিনি পদত্যাগ করেন। এরপরই ড. এম জুবায়দুর রহমান ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪৮:৫৪ ● ৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ