বঙ্গনিউজ: দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। এতে সিলেট ও সুনামগঞ্জসহ নিম্নাঞ্চলগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা থেকে দেশের উত্তরাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে পরবর্তী ৯৬ ঘণ্টায় বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অতিবৃষ্টির কারণে সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলের প্রভাবে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। তবে পানি দ্রুত নেমে যাওয়ায় দীর্ঘস্থায়ী বন্যার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, দেশের ওপর দিয়ে একটি প্রাক-মৌসুমী বৃষ্টি বলয় সক্রিয় হচ্ছে, যা ৭ মে পর্যন্ত প্রভাব ফেলতে পারে। এই সময়ে দেশের ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত ইতোমধ্যে বাড়তে শুরু করেছে এবং রাতের পর থেকে তা আরও সক্রিয় হতে পারে। উজানের এলাকা—মেঘালয়, আসাম ও চেরাপুঞ্জিতে ৫০০ থেকে ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যার প্রভাবে পাহাড়ি ঢল নামার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, ২৮–২৯ এপ্রিল থেকে বৃষ্টির বিস্তার সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এবং ৫ মে পর্যন্ত দমকা হাওয়া ও ঝড়বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
বৃষ্টিপাতের কারণে হাওর অঞ্চলে ধান কাটার মৌসুমে ব্যাঘাত ঘটতে পারে, ফলে কৃষকদের ফসলহানির ঝুঁকিও তৈরি হয়েছে। তবে একই সঙ্গে তাপমাত্রা কমে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে।