বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানি শুরু

Home Page » জাতীয় » বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানি শুরু
বুধবার ● ২০ মে ২০২৬


বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে আজ থেকে দুই দিনব্যাপী গণশুনানি শুরু হয়েছে

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে আজ থেকে দুই দিনব্যাপী গণশুনানি শুরু হয়েছে। সকাল ১০টায় খামারবাড়ির কেআইবি মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এই শুনানিতে প্রথম দিনে রয়েছে পাইকারি দাম ও সঞ্চালন চার্জ বৃদ্ধির প্রস্তাব।
ভর্তুকির বোঝা কমাতে বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্তের আলোকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বিতরণ কোম্পানিগুলো বিইআরসিতে দাম বৃদ্ধির আবেদন করেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি ১.২০ টাকা (১৭ শতাংশ) থেকে ১.৫০ টাকা (২১ শতাংশ) পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করেছে। বোর্ডের হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়বে প্রায় এক লাখ ৪৩ হাজার কোটি টাকা এবং ইউনিটপ্রতি গড় উৎপাদন খরচ হবে ১২.৯১ টাকা। বিদ্যমান দামে বিক্রি করলে আয় হবে ৭৭ হাজার ৫৫৩ কোটি টাকা, ঘাটতি থাকবে প্রায় ৬৫ হাজার ৫৫৫ কোটি টাকা।
সঞ্চালন কোম্পানি পিজিসিবি ইউনিটপ্রতি সঞ্চালন চার্জ ৩০-৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮-৪৯ পয়সা করার প্রস্তাব দিয়েছে।

ডেসকো: ২০২২-২৩ থেকে পরের তিন বছরে যথাক্রমে ১ হাজার ৬২ কোটি, ৯৫২ কোটি ও ৫৯৬ কোটি টাকা লোকসান হয়েছে। লোকসান ঠেকাতে ৯.৬৭ শতাংশ বৃদ্ধির আবেদন।
ডিপিডিসি: তিন বছরে যথাক্রমে ৬৪৩ কোটি, ৩০২ কোটি ও ১৩৬ কোটি টাকা লোকসান। ৬.৯৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব।
আরইবি: ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৬৯৮ কোটি টাকা লোকসান দিয়েছে। দাম না বাড়লে চলতি বছর লোকসান হবে ২ হাজার ৮৯৭ কোটি টাকা। ৫.৯৩ শতাংশ বৃদ্ধির আবেদন।
ওজোপাডিকো: ২০২৪-২৫ অর্থবছরে ৩১ কোটি টাকা লোকসান। ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব।
বিপিডিবি (বিতরণ অঞ্চল): গত অর্থবছরে ১১২ কোটি লোকসান। ইউনিটপ্রতি ২৯ পয়সা বাড়ানোর আবেদন।
নেসকো: সবচেয়ে কম ঘাটতি — ইউনিটপ্রতি মাত্র ৩ পয়সা। তবে পাইকারি দাম ২০ শতাংশ বাড়লে খুচরায় ২২ শতাংশ বাড়ানোর আবেদন।

পিডিবির তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল মাত্র ২.১৩ টাকা, যা এখন ১৩ টাকার কাছাকাছি পৌঁছেছে। জ্বালানির দাম বৃদ্ধি ও ডলারের মূল্যবৃদ্ধিকে কারণ হিসেবে দেখানো হলেও সংশ্লিষ্টরা নানা দুর্নীতি, অসম চুক্তি ও অব্যবস্থাপনাকেও দায়ী করছেন।

আগামীকাল ২১ মে দ্বিতীয় দিনের শুনানিতে গ্রাহক পর্যায়ে খুচরা দাম বাড়ানোর প্রস্তাবের ওপর মতামত নেবে বিইআরসি।

বাংলাদেশ সময়: ১১:২৯:৪৯ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ