প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Home Page » জাতীয় » প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান
রবিবার ● ২১ জুন ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তাঁর। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম বৈদেশিক সফর।

এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং অনিয়মিত কর্মীদের নিয়মিত করার বিষয়টি। পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা, শিক্ষা সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কুয়ালালামপুরের পথে পথে শোভা পাচ্ছে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা। সফরকালে প্রধানমন্ত্রী কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে অবস্থান করবেন, যেখানে স্থানীয় বিএনপি নেতা, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করতে পারেন তিনি।
এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আরও থাকছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিনসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১২ লাখ বাংলাদেশি বসবাস করছেন, যাদের একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন কারণে অনিয়মিত অবস্থায় রয়েছেন। কেউ নিয়োগকর্তার প্রতারণার শিকার, আবার কেউ কর্মসংস্থান সংকটে বৈধ অবস্থান হারিয়েছেন।
কুয়ালালামপুরে কর্মরত প্রবাসী নাসির উদ্দিন বলেন, “দুই দেশের সরকার যদি সরাসরি ও স্বচ্ছ পদ্ধতিতে কর্মী নিয়োগ নিশ্চিত করে, তাহলে সাধারণ শ্রমিকরা কম খরচে মালয়েশিয়ায় আসার সুযোগ পাবেন।” আরেক প্রবাসী জাকারিয়া বলেন, “কলিং ভিসা চালু হলেও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ না হলে কোনো উপকার হবে না। জবাবদিহিমূলক নিয়োগব্যবস্থা নিশ্চিত করা জরুরি।”
মালয়েশিয়া বিএনপির সহসভাপতি শাখাওয়াত হোসেন বলেন, “এই সফর কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়; বরং লাখো বাংলাদেশির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের গুরুত্বপূর্ণ সুযোগ।”

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা ও স্কলারশিপ বৃদ্ধির দাবি জানিয়েছেন। অন্যদিকে ব্যবসায়ীমহল আশা করছে, এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতি আসবে — বিশেষত হালাল শিল্প, প্রযুক্তি, কৃষি ও উৎপাদন খাতে।

সফরসংশ্লিষ্টরা মনে করছেন, প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়ার মধ্য দিয়ে নতুন এক কূটনৈতিক দিগন্তের সূচনা করতে যাচ্ছেন তারেক রহমান।

বাংলাদেশ সময়: ১১:১০:০৭ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ