শিশুদের ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পথে ফ্রান্স!

Home Page » জাতীয় » শিশুদের ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পথে ফ্রান্স!
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


সংগৃহীত ছবি-কম বয়সীদের জন্য ফেসবুক-টিকটক বন্ধের পথে ফ্রান্স বঙ্গনিউজ: শিশুদের অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভরতা কমাতে এবং তাদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে ১৫ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক-টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছে ফ্রান্স। দেশটির পার্লামেন্টের সমন্বয় কমিটি ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে। আইনটি কার্যকর হতে এখন নিম্নকক্ষ ও সিনেটের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।

প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, ফ্রান্সের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ১৫ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমের একটি তালিকা তৈরি করবে। একইসঙ্গে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কার্যকর বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে, যা দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে অনুমোদিত হবে। এছাড়া, উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে স্মার্টফোন ব্যবহারে সীমাবদ্ধতা আনার প্রস্তাবও রাখা হয়েছে।

ফরাসি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প বয়সে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে শিশুদের মধ্যে উদ্বেগ, মনোযোগের ঘাটতি, অনলাইন আসক্তি এবং সাইবার হয়রানির মতো ঝুঁকি বাড়ছে। এ কারণেই প্রযুক্তি ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করে শিশুদের জন্য সুরক্ষিত পরিবেশ তৈরি করতে চায় দেশটি। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ আগামী সেপ্টেম্বর মাসে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই এই আইন কার্যকর করার বিষয়ে আগ্রহী।

এর আগে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চালু করে একটি নজির স্থাপন করেছিল। এবার ফ্রান্সও একই ধরনের উদ্যোগ নিয়ে ইউরোপে শিশুদের ডিজিটাল সুরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছে। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লায়েনসহ বেশ কয়েকজন ইউরোপীয় নীতিনির্ধারকও শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ তৈরিতে কঠোর আইনের পক্ষে মত দিয়েছেন।

বাংলাদেশ সময়: ৫:৩০:৪০ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ