
বঙ্গনিউজঃ বাঙালি শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র ও Goethe-Institut Bangladesh-এর যৌথ উদ্যোগে ১৩ অক্টোবর ২০২৬ তারিখে বাঙালি শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র থেকে প্রকাশিত “From Earth to Heaven: Many Voices of Gods and Goddesses: Essays in Honour of Gerd J. R. Mevissen” শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গ্রন্থটিতে জার্মানি, অস্ট্রিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের লেখকদের ৩৭টি গবেষণামূলক প্রবন্ধ স্থান পেয়েছে। গ্রন্থটি যৌথভাবে সম্পাদনা করেছেন ড. ক্লডিন বাউটজে-পিকন, ড. রজত সান্যাল এবং ড. মোহাম্মদ নাসির উদ্দিন (মবিন)।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জার্মান রাষ্ট্রদূত ড. Rüdiger Lotz বলেন, গ্রন্থটি জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের গবেষণাধর্মী প্রকাশনা বাংলাদেশের শিল্প-ইতিহাস ও প্রত্নচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে। তিনি গ্রন্থটির বিষয়বস্তুর ভূয়সী প্রশংসা করেন।
অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটি নিয়ে আলোচনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। এ ছাড়াও বক্তব্য রাখেন Goethe-Institut Bangladesh-এর পরিচালক Mr. Frank Werner এবং বাঙালি শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ নাসির উদ্দিন (মবিন)।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক বিদেশি গবেষক জুমের মাধ্যমে অংশগ্রহণ করেন এবং তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।

গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে Mevissen Volumes-এর মাধ্যমে জার্মান গবেষকদের সঙ্গে বাঙালি শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ সম্পর্কের বিষয়টিও স্বীকৃতি পেয়েছে।