
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনই তেল নেওয়ার জন্য অপেক্ষমাণ গাড়ির লাইন বড় হচ্ছে। এতে একদিকে যেমন চালকদের ভোগান্তি বাড়ছে অন্যদিকে সড়কে তেল নিতে দাঁড়িয়ে থাকা গাড়ির সারির কারণে প্রধান সড়কগুলোতে যানজটও বাড়ছে। এ অবস্থায় তেল সংগ্রহে ভোগান্তি নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগও বাড়ছে।
সরেজমিন গতকাল দুপুরে মিরপুর কালশী এলাকার সুমাত্রা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেলের জন্য অপেক্ষমাণ গাড়ির সারি পাম্পের আঙিনা থেকে ইসিবি চত্বর হয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের আগের সড়ক পর্যন্ত ছাড়িয়ে গেছে। এতদিন একই সময়ে ইসিবি চত্বর পর্যন্ত প্রাইভেট গাড়ির সারি থাকলেও গতকাল এটি আরও দীর্ঘ ছিল। ফিলিং স্টেশনটিতে তেল নিতে আসা আবুল খায়ের নামে এক ব্যবসায়ী বলেন, এই পাম্পে গাড়ির লাইন একটু লম্বা হলেও এখানে সবসময় তেল পাওয়া যায়। এজন্য দুর্ভোগ হলেও কষ্ট করে এই পাম্প থেকে তেল নিতে আসি। তিনি আরও জানান, ঈদের এক সপ্তাহ পর থেকে তেলের জন্য গাড়ির লাইন দীর্ঘ হতে শুরু করে। গত দুই দিন এই লাইনের সারি আরও দীর্ঘ হয়েছে। গতকাল একই অবস্থা দেখা যায় রাজধানীর নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশনেও। রবিবার দুপুরে এই ফিলিং স্টেশনে তেল নিতে অপেক্ষায় থাকা গাড়ির লাইন কুড়িল ফ্লাইওভার পর্যন্ত ছিল। অথচ গতকাল দুপুরে এটি কুর্মিটোলা হাসপাতাল ছাড়িয়ে যায়। এদিকে তেলের অপেক্ষায় এখন রাজধানীর পেট্রোলপাম্পগুলোতে দিনরাতে সমানভাবে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে চালকরা ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ছেন। অনেককেই ক্লান্ত হয়ে সড়কের পাশে কাগজ, কাপড় বিছিয়ে বসে থাকতে দেখা যায়।
তেল না পেয়ে সড়ক অবরোধ মানববন্ধন মারধর আটক : জ্বালানি তেল না পাওয়ায় বিভিন্ন স্থানে অপ্রীতিকর নানান ঘটনা ঘটছে। এর মধ্যে কোথাও সড়ক অবরোধ, কোথাও মানববন্ধন, মারধর ও আটক করার ঘটনা রয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
জামালপুর : জামালপুরের ইসলামপুর উপজেলায় পাম্পে তেল বিক্রি হওয়ার কথা ফেসবুকে ছড়িয়ে পড়লে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গতকাল সকালে ইসলামপুর পৌর এলাকার টংগের আগলা গ্রামে মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে এ অবরোধ করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে বুঝিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়। স্থানীয়রা জানান, তেল দেওয়া হবে এমন খবর ছড়িয়ে পড়ায় সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকা এবং কোনো তেল সরবরাহ না করায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। একপর্যায়ে তাঁরা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে ঘটনাস্থলে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুুল কাইয়ুম গাজী বলেন, ওই ফিলিং স্টেশনে জ্বালানি দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট থেকেই এমন ভুল বোঝাবুঝি হয়েছে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে একটি ফিলিং স্টেশনে নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে আটক হয়েছেন এক কারারক্ষী। গতকাল দুপুরে সদর উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। আটক কারারক্ষী শিহাব আহমেদ কিশোরগঞ্জ জেলা কারাগারে কর্মরত। প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাব আহমেদ নম্বরবিহীন একটি মোটরসাইকেল নিয়ে চৌধুরী ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। সাধারণ বাইকাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করলেও কারারক্ষী সেই লাইন ডিঙিয়ে তেল নিতে থাকেন। এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বণ্টন কার্যক্রম মনিটরিং করছিলেন। মোটরসাইকেলটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর না দেখে তিনি কারারক্ষীর কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। কারারক্ষী শিহাব আহমেদ মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাঁকে আটক করা হয়।
সদর ইউএনও কামরুল হাসান মারুফ জানান, আটক কারারক্ষীকে জেল সুপারের কাছে বুঝিয়ে দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
ঝিনাইদহ : ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন পদ্মাকর ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান বিকাশ বিশ্বাস। রবিবার রাতে সদর উপজেলার ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ধানহাড়িয়ায় মেসার্স শরিফুল ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
বিকাশ বিশ্বাস সদর উপজেলার পদ্মাকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ইউনিয়ন পরিষদে অনুপস্থিতির কারণে তিনি বর্তমানে সাময়িক বরখাস্ত। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে জয়ী হন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে বিকাশ বিশ্বাস মোটরসাইকেলের জ্বালানি নিতে ফিলিং স্টেশনে যান। এ সময় সেখানে দীর্ঘ লাইন ছিল। অভিযোগ রয়েছে, তিনি লাইনে না দাঁড়িয়ে উল্টো পথে প্রবেশের চেষ্টা করলে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনা কেন্দ্র করে সেখানে উপস্থিত কয়েকজন তাঁর ওপর হামলা চালান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেন। তবে বিকাশ বিশ্বাস দাবি করেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা মো. রোকনুজ্জামানসহ ১০-১২ জন মিলে তাঁর ওপর হামলা করেন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে রোকনুজ্জামান বলেন, ‘সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করায় লাইনে দাঁড়িয়ে থাকা বাইকাররা তাঁকে মারধর করেছেন। এ ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।’
টঙ্গী (গাজীপুর) : গাজীপুরে টঙ্গী আমতলী এক্সিস সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন সেন্টারে দীর্ঘ লাইনে অবস্থান নিয়ে পাঁচ ঘণ্টা অপেক্ষা করে ৫০০ টাকার জ্বালানি তেল পেয়েছেন বাইকাররা। এ ছাড়া তেল নিতে বেশ কয়েকটি লাইনের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ফলে বাইকারদের মধ্যে মারমুখি অবস্থা তৈরি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটে রবিবার রাতে।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মালিকানা দ্বন্দ্বে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পেট্রোলপাম্প চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকাল ১০টার দিকে নাচোল বাসস্ট্যান্ডে নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস) ও নাচোল উন্নয়ন ফোরামের যৌথ আয়োজনে এ মানববন্ধন করা হয়। উল্লেখ্য, নাচোলের প্রাণকেন্দ্র দক্ষিণ সাঁকো পায়ায় অবস্থিত মেসার্স সুইটি ফিলিং স্টেশনটি মালিকদের পারিবারিক দ্বন্দ্বের জেরে দির্ঘদিন থেকে বন্ধ। ফলে জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন নাচোলের মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চালক ও মালিকরা।