
হুমায়ূন আহমেদের ‘জ্বিন কফিল’ উপন্যাসের গল্প নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে দুই দিনব্যাপী মঞ্চ নাটক মঞ্চায়নের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছে। আজ এর দ্বিতীয় মঞ্চায়ন হবে। ডালাসে নতুন নাট্যদল ‘রংমঞ্চ’ নাটকটি মঞ্চায়ন করবে। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ফরহাদ হোসেন। ‘জ্বীন কফিল’ মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে রহস্য, ভয়, মানসিক টানাপোড়েন ও ফ্ল্যাশব্যাকের জটিল নির্মাণ এক ভিন্নধর্মী আবহ তৈরি করেছে।
মিসির আলি সিরিজের এই গল্পে দেখা যায়, গ্রামের এক নারী নিজের জীবনের অদ্ভুত ঘটনাকে ‘জ্বীনের আছর’ বলে বিশ্বাস করলেও এর রহস্য উদ্ঘাটনে নামেন মিসির আলি। নির্দেশক ফরহাদ হোসেন জানান, প্রথমদিকে অনেকে বলেছিলেন এই গল্প স্টেজের জন্য উপযোগী নয়। কিন্তু দলীয় সদস্যদের উৎসাহ থেকেই শেষ পর্যন্ত শুরু হয় নাট্যরূপের কাজ। এটা মূলত অডিও-ভিডিও, লাইটস ও লাইভ অভিনয়ের সমন্বয়। এই নাটকের মাধ্যমে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হবেন দর্শক। আমরা চেষ্টা করেছি, গল্পটিকে ভিন্নভাবে মঞ্চে উপস্থাপন করতে। উল্লেখ্য, ফরহাদ হোসেন যুক্তরাষ্ট্রে আসার পর হুমায়ূন আহমেদকে নিয়ে বিভিন সাংস্কৃতিক আয়োজন করেছেন। এর আগে ‘১৯৭১’ ও ‘ঘটনা সামান্য’র মতো নাটক নির্দেশনা দিয়েছেন তিনি। হুমায়ূনের প্রতি ভালোবাসা এবং ভিন্নধর্মী সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহ থেকেই ‘জ্বীন কফিল’কে মঞ্চে আনার উদ্যোগ নেন তিনি ।