পুলিশপ্রধানের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যে আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর

Home Page » জাতীয় » পুলিশপ্রধানের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যে আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬


ফাইল ছবি-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ  বঙ্গনিউজ: পুলিশপ্রধানের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য সরাসরি নাকচ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মন্তব্য করেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আইনের কঠোর প্রয়োগের কথা বলতে গিয়ে অসতর্কতাবশত ওই শব্দ ব্যবহার করেছেন এবং এমন বক্তব্য দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যুর মতো কোনো ঘটনা বরদাশত করবে না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই বর্তমান প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। অপরাধ নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে, তবে বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো ধরনের বেআইনি পদক্ষেপ সমর্থন করা হবে না।

এর আগে সোমবার পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, পুলিশ দায়িত্ব পালনকালে বলপ্রয়োগ করলে এক পক্ষ তাদের ফ্যাসিস্ট আখ্যা দেয়, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল মনে করে। ফলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের উপযুক্ত কাজের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

আইজিপির এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গন ও মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এই বক্তব্যের প্রতিবাদ জানায়। প্রতিক্রিয়ার মুখে সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা দেয়। এতে বলা হয়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারবহির্ভূত শাস্তির অর্থে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি, বরং অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর অবস্থান তুলে ধরতেই কথাটি বলেছেন।

এদিকে আজ দুপুরে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী পুলিশপ্রধানের এই মন্তব্যকে সরকারের জন্য বিব্রতকর বলে উল্লেখ করেন। তিনি বলেন, যে রাজনৈতিক দল দীর্ঘ সময় ধরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের দায়িত্ব পালনকালে পুলিশপ্রধানের এমন বক্তব্য উদ্বেগের বিষয়।

বাংলাদেশ সময়: ২০:৪৪:৪২ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ