স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় টানা চার মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ সরকারি সেবা পেতে চরম ভোগান্তিতে পড়েছেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদ দীর্ঘদিন শূন্য থাকায় নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক সমন্বয়ে স্থবিরতা দেখা দিয়েছে।
গত ১৫ মার্চ মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায়ের বদলির পর ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ অতিরিক্ত দায়িত্বে মধ্যনগরের ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। পরে গত ২৩ জুলাই সঞ্জয় ঘোষ চট্টগ্রামে বদলি হলে মধ্যনগরের ইউএনওর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার ইউএনও জনি রায়কে।
২০২১ সালে উপজেলা হিসেবে যাত্রা শুরু করলেও মধ্যনগরে এখনো পৃথক সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় গড়ে ওঠেনি। ফলে ভূমি-সংক্রান্ত সব সেবা নিতে হয় ধর্মপাশা থেকে। একই সঙ্গে ধর্মপাশা উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মধ্যনগরের অতিরিক্ত দায়িত্বও সামলাতে হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে চাপ বাড়ছে।
শুধু ইউএনও পদই নয়, মধ্যনগরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। তবে ইউএনও পদে স্থায়ী কর্মকর্তা না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন সেবাপ্রত্যাশী।
স্থানীয়দের অভিযোগ, নাগরিক সনদ ও বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র প্রদান, জন্মনিবন্ধন সংশোধন, উন্নয়ন প্রকল্পের অনুমোদন, আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা, সরকারি কর্মসূচির তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং ভূমি-সংক্রান্ত সমন্বয়সহ বিভিন্ন প্রশাসনিক কাজে স্বাভাবিক গতি নেই। অনেক সেবাপ্রত্যাশীকেই একাধিকবার উপজেলা পরিষদে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে।
উপজেলার সীমান্তবর্তী বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান অজিত হাজং বলেন, “সীমান্তবর্তী এলাকা থেকে প্রশাসনিক সেবা নিতে এসে ইউএনও না থাকায় আমাদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।”
স্থানীয় সংবাদকর্মী শিহাব মিয়া বলেন, “উপজেলায় স্থায়ী ইউএনও না থাকায় জন্মনিবন্ধন সংশোধনসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। দ্রুত একজন স্থায়ী ইউএনও পদায়নের দাবি জানাচ্ছি।”
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার তালুকদার বলেন, “দীর্ঘদিন ধরে মধ্যনগরে ইউএনও নেই। পাশের ধর্মপাশা উপজেলার ইউএনও অতিরিক্ত দায়িত্ব পালন করেন। সপ্তাহে সীমিত সময় উপস্থিত থাকায় দুর্গম এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত স্থায়ী ইউএনও নিয়োগ দেওয়া প্রয়োজন।”
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান বলেন, “সিলেট বিভাগের পাঁচটি উপজেলায় বর্তমানে ইউএনওর পদ শূন্য রয়েছে। নতুন কর্মকর্তারা যোগদান করলেই অগ্রাধিকার ভিত্তিতে এসব উপজেলায় পদায়ন করা হবে।”