মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের মধ্যনগরে মনাই নদীর তীরের একটি সংরক্ষিত জলমহালে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। জলমহালটির আয় স্থানীয় একটি মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয় বলে জানা গেছে।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর জামে মসজিদের সভাপতি চাঁন মিয়া বাদী হয়ে এ ঘটনায় মধ্যনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা জলমহালে ঢুকে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের কিছুক্ষণ পর বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠতে থাকে। এতে প্রায় দুই লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জলমহালের দায়িত্বপ্রাপ্তরা।
জলমহালের ইজারাদার জুলহাস মিয়া বলেন, ‘কিছুদিন আগে আমাদের গ্রামের পাশের সংরক্ষিত জলমহালটি কয়েকজন মিলে মসজিদের পক্ষ থেকে ইজারা নিই। মাছ ধরার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে রাতের আঁধারে দুর্বৃত্তরা জলমহালে বিষ প্রয়োগ করে। এতে প্রায় দুই লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।’
অভিযোগের বাদী চাঁন মিয়া বলেন, ‘কে বা কারা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে, তা এখনো জানতে পারিনি। আমরা তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন পিপিএম বলেন, ‘এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’